ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দায় এক কিশোরীকে (১৪) অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর বাদী ও ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।
এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন ২০২৬ তারিখ বিকেলে ভুক্তভোগী কিশোরীকে বাড়ির সামনের রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় একই এলাকার রুমান খন্দকার (২০)। পরবর্তীতে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে ২০ জুন সকালে কৌশলে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায় ভুক্তভোগী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর দাদি জহুরন খাতুন বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭/৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০৪)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই প্রধান অভিযুক্ত রুমান খন্দকার ও তার পরিবার মামলা প্রত্যাহার করার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুক্তভোগী ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
পরিবারের দাবী সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার অবিলম্বে বন্ধ করা এবং সাইবার সুরক্ষা আইনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সাথে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মেডিকেল রিপোর্ট ও ওসিসির প্রমাণাদির ভিত্তিতে দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
Tag:




No comments: