দুর্নীতির একাধিক সংবাদ প্রকাশের পরও স্বপদে বহাল তহশিলদার বদিউজ্জামান, খুটির জোর কোথায়?
দুর্নীতির একাধিক সংবাদ প্রকাশের পরও স্বপদে বহাল তহশিলদার বদিউজ্জামান, খুটির জোর কোথায়?
ডেস্ক নিউজ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) বদিউজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এসব বিষয়ে সংবাদ প্রকাশ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার পরও তিনি স্বপদে বহাল রয়েছেন। এ নিয়ে স্থানীয় সেবাগ্রহীতা ও সচেতন মহলের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তার খুটির জোর কোথায়?
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, তুজারপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, খাজনা আদায় ও জমির পর্চা সংক্রান্ত যেকোনো কাজে গেলে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ গুনতে হয়। চাহিদামতো ঘুষ না দিলে নানা অজুহাতে ফাইল আটকে রাখা এবং সেবাগ্রহীতাদের হয়রানি করা নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরিতে যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ-বিত্তের মালিক হয়েছেন বদিউজ্জামান। অভিযোগ রয়েছে, অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে তিনি ভাঙ্গা উপজেলা সদর, ফরিদপুর শহরসহ দেশের বিভিন্ন শহরে নামে-বেনামে একাধিক জমি ও বাড়ি গড়ে তুলেছেন। তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের উৎস নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন রয়েছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে তার অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) দেওয়া হয়েছিল। তবে স্থানীয়দের প্রশ্ন, সুনির্দিষ্ট অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও কেন তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিভাগীয় ব্যবস্থা বা বদলির আদেশ কার্যকর হচ্ছে না? কোন অদৃশ্য শক্তির বা ‘খুঁটির জোরে’ তিনি দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে বহাল তবিয়তে রয়েছেন, তা নিয়ে জনমনে তীব্র কৌতূহল দেখা দিয়েছে।
স্থানীয় একাধিক সচেতন নাগরিকদের সাথে কথা হলে তারা বলেন, ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ঊর্ধ্বতন ভূমি প্রশাসনের মাধ্যমে তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা বদিউজ্জামানের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।
ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ শরিফুল্লাহ জানান, তার অভিযোগের বিষয়টি জেনেছি। বিভিন্ন গণমাধ্যমে সংবাদও নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি। তদন্তে দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag:




No comments: